চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বাস উল্টে একই পরিবারের ৭জনসহ ২৫ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকি আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) বেলা অনুমান পোনে ১০ টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের কাছে ঢাকাগামী রয়েল পরিবহন সড়কের উপর উল্টে গেলে এই দূর্ঘটনা।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা পোনে ১০ টার দিকে চুয়াডাঙ্গা টু ঢাকাগামী রয়েল পরিবহন সরোজগঞ্জ বাজারের কাছে পৌঁছাতেই একটি পাখিভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী রয়েল পরিবহনটি ঘটনাস্থলে সড়কের উপরেই উল্টে যায়। এতে বাসের প্রায় ৫০/৫৫ জন যাত্রীর মধ্যে ২০ থেকে ২৫ জন আহত হয়।
আহতদের মধ্যে ১৭ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া ৪ জনকে ঢাকা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছোট খাটো আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তিনি আরো জানায় দূর্ঘটনা কবলিত রয়েল পরিবহনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য এ্যাডভকেট মাসুদ পারভেজ রাসেল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসা ও সার্বিক খোঁজ খবর নেন।

