বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। পরীক্ষার্থীরা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, সড়ক যোগাযোগের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে বন্যা পরিস্থিতির উন্নতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে আগামী ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে যেসব পরীক্ষা দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোতে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত ছিল, সেগুলোর জন্য পৃথক নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। একই সিদ্ধান্তের আওতায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত ছিল।

বর্তমানে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন