বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (ডায়রা) আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘Bangladesh and a Changing World: Uncharted Times, Emerging Orders, and the Politics of Care’।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিরতা, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও আর্থিক অনিয়মের প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপরও পড়েছে। তবে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতের সংস্কার এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে ঐকমত্য তৈরির উদ্যোগ চলছে। একই সঙ্গে শিল্পায়ন, কৃষি উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন