সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে শিক্ষা সচিব বদলি, আন্দোলন অব্যাহত

নিউজ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকার প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে শিক্ষা সচিব বিনীত যোশিকে অন্য মন্ত্রণালয়ে বদলি করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি আদেশের পর এ পরিবর্তনের খবর জানায় ভারতীয় গণমাধ্যম।

এদিকে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত, ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

বিক্ষোভকারীদের একটি অংশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছে। তবে শিক্ষা সচিবের বদল আন্দোলনকারীদের অবস্থানে কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেনি।

ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও পরীক্ষা পরিচালনা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে সরকার প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছে।

সূত্র : এনডিটিভি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন