দেশকে মেধাভিত্তিক, স্বনির্ভর এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন প্রজন্মের কাছে সম্ভাবনাময় বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, এআই অ্যান্ড রোবোটিক্স (বিইএআর) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর নতুন শিল্পযুগে প্রবেশ করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদে সমৃদ্ধ করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে উল্লেখযোগ্য রফতানি আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কারণে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় নীতি ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের তিন হাজারের বেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপের বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের প্রযুক্তি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ ও উৎপাদন উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি চলতি বাজেটে এ শিল্পে ব্যবহৃত সব ধরনের কাঁচামালের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশীয় শিল্পের বিকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

