বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির পদকে ব্যক্তি নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনকালে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন এবং সাংবিধানিক মর্যাদা বজায় রেখেছেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি স্বৈরাচারী সরকারের আমলে দায়িত্বে আসায় জুলাই অভ্যুত্থানের আগে তার ভূমিকা নিয়ে নানা সমালোচনা ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্টের সংকটময় সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং রাষ্ট্রকে সাংবিধানিক ধারায় রাখতে সহায়তা করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতিকে সব ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি বলেও বাস্তবতা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগের অধিকার রয়েছে। সেই বিধান অনুসরণ করেই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরবর্তী ধাপে গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সব প্রক্রিয়া সংবিধান ও প্রচলিত বিধি অনুযায়ী সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা করতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন