বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

‘সংবিধান রক্ষা করেছি, কোনো অপরাধ করিনি’: পদত্যাগের পর সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বদা সংবিধান মেনে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় তিনি সাংবিধানিক সীমার মধ্যেই ছিলেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছেন।

শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগের পর এক গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

পদত্যাগের কারণ সম্পর্কে মো. সাহাবুদ্দিন জানান, তার শারীরিক অসুস্থতাই এ সিদ্ধান্তের প্রধান কারণ। সাম্প্রতিক সময়ে তার পদত্যাগকে ঘিরে বিভিন্ন মহলে যে আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে, সেগুলোকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাপ কিংবা ফোনকলের কারণে তিনি পদত্যাগ করেছেন—এমন দাবি সম্পূর্ণ অসত্য বলেও উল্লেখ করেন তিনি।

বঙ্গভবন ছাড়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, আইনি বিধান অনুযায়ী পদত্যাগের পর কিছুদিন সেখানে থাকার সুযোগ থাকলেও তিনি দ্রুতই ব্যক্তিগত বাসভবনে ফিরে যাবেন। তার ভাষ্য, গুলশানের নিজ বাড়িতেই তিনি অবস্থান করবেন।

নিজের দায়িত্বকাল মূল্যায়ন করতে গিয়ে সাহাবুদ্দিন বলেন, সংকটপূর্ণ সময়ে সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনে ভূমিকা রাখাকে তিনি নিজের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হিসেবে মনে করেন। পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তার বিচারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব দাবি তিনি গুরুত্ব দিচ্ছেন না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তার কাছেই শপথ নিয়েছিলেন এবং সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুসারেই তিনি দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন