বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসুর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সাংগঠনিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঈন আহমেদ ও মেঘমল্লার বসু দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও জবাবদিহিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করেন।
সংগঠনটি জানায়, এ বিবেচনায় দুই নেতার জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করে গ্রহণ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ধরনের সাংগঠনিক বাস্তবতা ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

