রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে সেই ঐক্যের কার্যকারিতা শেষ হয়েছে বলে মনে করে খেলাফত মজলিস। এ কারণে এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

তবে দলটি জানিয়েছে, দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে নতুন কোনো বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের বিষয়ে তারা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতের কোনো কর্মসূচির ব্যানার, পোস্টার বা প্রচারণায় যেন দলটির নাম কিংবা নেতাদের নাম ব্যবহার না করা হয়। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

জোট ছাড়ার বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই ১১ দলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছিল। নির্বাচন-পরবর্তী সময়ে সীমিত আকারে কিছু কর্মসূচিতে অংশ নিলেও বেশ কিছুদিন ধরে তারা জোটের কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন না। বর্তমানে সেই সমঝোতা আর বহাল নেই এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট বিষয়গুলো দলটি নিজস্ব উদ্যোগে এগিয়ে নেবে বলে জানান তিনি।

সম্প্রতি কওমি ধারার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার পর ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা চলছে। এরই মধ্যে খেলাফত আন্দোলনের পর এবার খেলাফত মজলিসও জোট ছাড়ার ঘোষণা দিল। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো ১১ দলীয় ঐক্যে রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন