দেশে হামের প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯১ জন আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া সব শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৭২১ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৭২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, হামে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৭৫ জন।

