রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সদকা মানুষের জন্য কীভাবে জান্নাতের পথ প্রশস্ত করে

নিউজ ডেস্ক

মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। তবে ইসলাম তিনটি এমন আমলের কথা বলেছে, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। এগুলো হলো—সদকায়ে জারিয়া (চলমান দান), মানুষের উপকারে আসে এমন জ্ঞান এবং নেককার সন্তান, যে বাবা-মায়ের জন্য দোয়া করে। এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “মানুষ মারা গেলে তিনটি আমল ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।” (সহিহ মুসলিম)

ইসলামে দান-সদকার গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিসে এসেছে, সদকা বিপদ-আপদ দূর করে, গুনাহ মাফের কারণ হয়, আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে এবং জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে কাজ করে। একই সঙ্গে এটি সম্পদে বরকত এনে দেয়। মহানবী (সা.) আরও বলেছেন, “সদকা কখনো সম্পদ কমায় না।” বরং আল্লাহ তাআলা এর মাধ্যমে সম্পদে কল্যাণ ও প্রাচুর্য দান করেন।

পবিত্র কোরআনেও দান-সদকায় বিলম্ব না করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, “আমি তোমাদের যে রিজিক দিয়েছি, তোমাদের কারও মৃত্যু আসার আগে তা থেকে দান করো। অন্যথায় সে বলবে, ‘হে আমার রব! আমাকে যদি আরেকটু সময় দেওয়া হতো, তাহলে আমি দান করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।’” (সুরা আল-মুনাফিকুন, আয়াত: ১০)

সদকার গুরুত্ব বোঝাতে মহানবী (সা.) হজরত ইয়াহইয়া (আ.)-এর একটি উপমা বর্ণনা করেছেন। তিনি বলেন, সদকা প্রদানকারী ব্যক্তির উদাহরণ সেই বন্দির মতো, যাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে নিজের সব সম্পদ দিয়ে মুক্তিপণ দেওয়ার প্রস্তাব করলে তা গ্রহণ করা হয় এবং সে মুক্তি পায়। (জামে তিরমিজি)

এই উপমা আমাদের শেখায়, সদকা শুধু দুনিয়ায় অসহায় মানুষের উপকারই করে না, বরং আখিরাতেও মুক্তির গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এটি মানুষের গুনাহের বোঝা হালকা করে এবং আল্লাহর রহমত লাভের পথ উন্মুক্ত করে।

বর্তমান বিশ্বে অসংখ্য দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষ আমাদের সহায়তার অপেক্ষায় রয়েছে। তাই দান-সদকা করার ক্ষেত্রে প্রকৃত অভাবগ্রস্ত ও উপযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে আন্তরিকতার সঙ্গে তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ সঠিক স্থানে করা দানই আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য এবং তা মানুষের জন্য দুনিয়া ও আখিরাত—উভয় জীবনে কল্যাণ বয়ে আনে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন