রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে জমি নিজের নামে লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও শ্রবণপ্রতিবন্ধী মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে হেলাল হাওলাদার ও তার স্ত্রী ফাতেমা বেগমের বিরুদ্ধে। অভিযোগ, বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ঘরের সামনে দাঁড়িয়ে অনুনয়-বিনয় করেও আশ্রয় পাননি ওই বৃদ্ধা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আমতলী পৌরসভার লোচা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, ২০০৫ সালে স্বামী আবুল হাসেম হাওলাদারের মৃত্যুর পর আনোয়ারা বেগম পাঁচ ছেলেকে কষ্ট করে বড় করে তোলেন। প্রায় তিন বছর আগে তিনি নিজের অধিকাংশ জমি পাঁচ ছেলের নামে লিখে দেন। এরপর পর্যায়ক্রমে তার ভরণ-পোষণের দায়িত্ব নেন ছেলেরা।

আনোয়ারা বেগমের অভিযোগ, বাড়ির সামনের অবশিষ্ট কিছু জমি নিজের নামে লিখে দিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন চতুর্থ ছেলে হেলাল হাওলাদার। তিনি এতে রাজি না হওয়ায় শনিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ তাকে ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন।

বৃদ্ধার দাবি, প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরে ফিরে যাওয়ার জন্য ছেলে ও পুত্রবধূর কাছে অনুরোধ করলেও তারা তাকে ভেতরে ঢুকতে দেননি। পরে খবর পেয়ে ভাতিজা আবু সালেহ মুছা তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

আবু সালেহ মুছা বলেন, আনোয়ারা বেগম পাঁচ ছেলের নামে জমি লিখে দিলেও কিছু জমি এখনও তার নামে রয়েছে। সেই জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

কান্নাজড়িত কণ্ঠে আনোয়ারা বেগম বলেন, ছেলে ও পুত্রবধূ তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে থেকেও তিনি ঘরে ফিরতে পারেননি। এ ঘটনার বিচার চান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হেলাল হাওলাদার। তার দাবি, বাড়ির পথসংক্রান্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জেরেই অন্য চার ভাই ও মামারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন