ইরানকে চীন বা রাশিয়া অস্ত্র সরবরাহ করলে সংশ্লিষ্ট দেশ দুটিকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বেইজিং ও মস্কো—উভয়ই তাকে আশ্বস্ত করেছে যে তারা ইরানকে অস্ত্র দেবে না।
শুক্রবার (২৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।
তিনি জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুতে আলোচনা হয়েছে। ট্রাম্পের দাবি, শি তাকে স্পষ্টভাবে বলেছেন যে চীন সরকার বা কোনো চীনা কোম্পানি ইরানের কাছে অস্ত্র সরবরাহ কিংবা বিক্রি করবে না।
ট্রাম্প লেখেন, দুই দেশের বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে তিনি শি জিনপিংয়ের এই আশ্বাসে আস্থা রাখছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতাও অব্যাহত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানকে অস্ত্র না দেওয়ার বিষয়ে একই ধরনের বার্তা দিয়েছেন।
ইউক্রেনে অস্ত্র সরবরাহ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে না; বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে এবং সেসব দেশ পরবর্তীতে কীভাবে সেগুলো বিতরণ করে, সে বিষয়ে তার প্রশাসনের কোনো ভূমিকা নেই।
ট্রাম্পের ভাষ্য, ইরানকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেসব দেশের নাম আলোচনায় আসে, তার মতে চীন ও রাশিয়া বর্তমানে সেই পথে হাঁটছে না। তবে ভবিষ্যতে যদি তারা এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি তাদের জন্য অত্যন্ত নেতিবাচক পরিণতি ডেকে আনবে এবং তা তাদের নিজস্ব স্বার্থেরও পরিপন্থী হবে।

