বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী ছয় মাস নিরাপত্তাসহ প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান সংক্রান্ত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সংবিধান ও প্রচলিত বিধি-বিধান অনুসরণ করেছেন এবং সরকার রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছে।

তিনি বলেন, দায়িত্বে থাকাকালে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেন। ফলে ওই সময়ের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তবে দায়িত্বের বাইরে কোনো বিষয়ে কেউ বক্তব্য দিতে পারেন, সেটি তাদের স্বাধীনতা। সরকার এ পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেছে। গণতান্ত্রিক পরিবেশে সবাই মত প্রকাশের অধিকার রাখে, তবে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখেনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন নির্ধারিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ছয় মাসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিদ্যমান আইনে যে সুবিধাগুলো নির্ধারিত রয়েছে, সেগুলোই তিনি পাবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন