ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচার অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে একাধিক নতুন সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে মেটা। নতুন আপডেটের মধ্যে রয়েছে নিয়মিত বিক্রেতাদের জন্য পৃথক অ্যাপ, সেলফির মাধ্যমে বিনা মূল্যে পরিচয় যাচাই, উন্নত ভিডিও ইন্টারফেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর বিভিন্ন টুল।
মেটা জানিয়েছে, নিয়মিত পণ্য বিক্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ‘সেলার’ নামে একটি স্বতন্ত্র অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে বিক্রেতারা সহজেই পণ্যের তালিকা পরিচালনা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিক্রির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি মাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা প্রকাশ করা হয়। বিপুল সংখ্যক লেনদেনকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতেই নতুন এই অ্যাপ চালু করা হচ্ছে।
ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে একটি বিনা মূল্যের যাচাইকরণ সুবিধাও চালু করা হবে। এতে সেলফির মাধ্যমে পরিচয় যাচাই করা যাবে। যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলে সাদা বৃত্তের মধ্যে একটি টিকচিহ্ন যুক্ত হবে, যা ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়েও প্রদর্শিত হবে।
মেটার দাবি, এই যাচাইকরণ ব্যবস্থা ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণার ঝুঁকি কমাবে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়াবে।
এদিকে ভিডিও দেখার অভিজ্ঞতাও উন্নত করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে কয়েকটি নির্বাচিত বাজারে ফুল-স্ক্রিন ভিডিও ইন্টারফেস চালু করা হবে। তবে ব্যবহারকারীরা চাইলে আগের ফিডভিত্তিক ভিডিও প্রদর্শন পদ্ধতিতেও ফিরে যেতে পারবেন।
এ ছাড়া মার্কেটপ্লেসের সেলার অ্যাপ ও ফেসবুক গ্রুপে এআইভিত্তিক নতুন কিছু সুবিধা যুক্ত করা হচ্ছে। এসব টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি, গ্রুপে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া এবং বিভিন্ন প্রশ্নের উত্তর সহজে জানা যাবে।
মেটার ভাষ্য, নতুন এআইভিত্তিক সুবিধাগুলো ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করবে এবং ফেসবুক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করবে।

