বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ এবং শিল্পের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়নে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন তারা।
প্রধানমন্ত্রী সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে বলেন, এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহায়তা প্রদান করবে।
তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের বোঝা সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে চা বাগানের অনাবাদি বা চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও জানান। এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

