সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সম্পাদক

রিয়াদ আহমেদ, বিশেষ সংবাদদাতা

ঢাকা মহানগর উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মাসুমের একটি বিতর্কিত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে প্রকাশ্যে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি দল।

অভিযোগ রয়েছে, রাজধানীর কড়াইল বস্তি ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করছেন মাসুম। কড়াইল বস্তির সাধারণ বাসিন্দা ও স্থানীয়দের দাবি, দলীয় পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা ও সরবরাহ নিয়ন্ত্রণ করছেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও অধরাই থেকে গেছেন তিনি।

ভাইরাল ভিডিও এবং মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার এক ঘনিষ্ঠ সহযোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, “সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিও ছড়িয়ে ষড়যন্ত্র করছে।”

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, “আমাদের দল কোনো অবস্থাতেই মাদক বা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে প্রশ্রয় দেয় না। বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল মনে করছেন, মাদকমুক্ত সমাজ গঠনে এবং রাজনৈতিক দলের ভাবমূর্তি রক্ষায় এই ধরনের গুরুতর অপরাধের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া জরুরি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন