চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকারও বেশি।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯০ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ।
এর আগে, ২২ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৭ কোটি ডলার। প্রতি ডলার ১২২ টাকা বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।
রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং আমদানি ব্যয় মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

