বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে ইউরোপের বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ খাতে বিনিয়োগে আগ্রহী অনেক বিদেশি বিনিয়োগকারী ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ বিষয়ক এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগকারীরই কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। একই সঙ্গে বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে গিয়ে বিভিন্ন জটিলতার সম্মুখীন হন।

তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক কাঠামো উত্তরাধিকার হিসেবে পেয়েছে। ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করে একটি গতিশীল অর্থনীতিতে রূপ দিতে সরকার প্রয়োজনীয় নীতি ও সংস্কার বাস্তবায়নে কাজ করছে।

বিনিয়োগের অগ্রাধিকার খাত সম্পর্কে শামা ওবায়েদ ইসলাম বলেন, জ্বালানি, টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, শিল্প-সংস্কৃতি এবং খেলাধুলা খাতেও নতুন বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্লু ইকোনমি প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। বাংলাদেশে এ খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশ এতে আগ্রহ দেখাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের সঙ্গেও বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। তার ভাষায়, বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন