সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নেপালে চলবে ভারতের ২০০ ও ৫০০ রুপির নোট, নিয়মে বড় বদল

নিউজ ডেস্ক

প্রায় এক দশক পর ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন এনেছে নেপাল। এখন থেকে ভারতীয় ও নেপালি নাগরিকরা ২০০ ও নতুন নকশার ৫০০ রুপির ভারতীয় নোট বৈধভাবে নেপালে আনতে ও নিয়ে যেতে পারবেন। ২০১৬ সালে ভারতের নোটবাতিলের পর ১০০ রুপির বেশি মূল্যমানের নোটের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, নতুন সিদ্ধান্তে তার অবসান হলো।

নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি) পুনরায় জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৬ সালের ৯ নভেম্বর বা তার পরে ইস্যু করা ২০০ ও নতুন নকশার ৫০০ রুপির ভারতীয় নোট একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত নেপালে আনতে বা সেখান থেকে নিয়ে যেতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রচলিত বিধিমালা মেনে চলতে হবে।

যদিও এ বিষয়ে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের পর গত ১১ ফেব্রুয়ারি নেপাল গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, বাস্তবায়নসংক্রান্ত বিষয় আরও পরিষ্কার করতে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে এনআরবি।

এনআরবির মুখপাত্র গুরু প্রসাদ পাউডেল জানান, নেপালি নাগরিকরা শুধুমাত্র ভারত থেকেই ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন। একইভাবে নেপাল থেকেও ভারত ছাড়া অন্য কোনো দেশে ভারতীয় মুদ্রা বহন করা যাবে না।

তার মতে, নতুন এই সিদ্ধান্ত নেপাল ভ্রমণকারী ভারতীয় পর্যটক এবং ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে যুক্ত নেপালি নাগরিকদের জন্য বড় সুবিধা বয়ে আনবে।

বিদেশি মুদ্রা বহনের নিয়মও স্পষ্ট

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নেপালি নাগরিক ও বিদেশি ভ্রমণকারীরা কোনো ধরনের শুল্ক ঘোষণা ছাড়াই সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বিদেশি মুদ্রা নেপালে আনতে পারবেন। এর বেশি অর্থ বহন করলে প্রবেশের সময় কাস্টমসে তা ঘোষণা করতে হবে।

এছাড়া ১০০ রুপি বা তার কম মূল্যমানের ভারতীয় নোট বহনের ক্ষেত্রেও সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ঘোষণা ছাড়াই আনা যাবে। এর বেশি হলে কাস্টমসে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক।

২০১৬ সালের নিষেধাজ্ঞার অবসান

ভারত ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করে। পরে নতুন নকশার ৫০০ রুপির নোট এবং ২ হাজার রুপির নোট চালু করা হয়। এরপর নেপাল ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করে।

সংশোধিত বিধিমালার ফলে এখন ২০১৬ সালের ৯ নভেম্বরের পর ইস্যু করা ২০০ ও নতুন ৫০০ রুপির নোট বৈধভাবে বহন করা যাবে। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত বহন করতে পারবেন।

তবে ২০১৬ সালের ৯ নভেম্বরের আগে ইস্যু করা পুরোনো ৫০০ ও ১ হাজার রুপির ভারতীয় নোট নেপালে এখনও নিষিদ্ধ রয়েছে।

ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত, নিবিড় অর্থনৈতিক সম্পর্ক এবং নিয়মিত মানুষ ও পণ্যের যাতায়াতের প্রেক্ষাপটে নতুন এই সিদ্ধান্ত দুই দেশের ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য ও সীমান্তবর্তী লেনদেন আরও সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন