নিউজ ডেস্ক
হরমুজ প্রণালির দক্ষিণাংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (AIS) বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজকে বাধা দেওয়ার দাবি করেছে ইরান।
সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজগুলোকে বাধা দেওয়ার পর একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। বাকি জাহাজগুলোকে ইরানের নৌ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পুনরায় পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য করা হয়।
আইআরআইবি এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর ‘প্ররোচনায়’ জাহাজগুলো নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করার চেষ্টা করেছিল। এ কারণে ইরান তাদের গতিরোধ করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখেছিল, যা আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে তেহরান।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া আইআরআইবির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

