সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি ওয়াশিংটন ডিসি সফর করছেন।

ইসরায়েলের আরবি ভাষার সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, সফরকালে ট্রাম্প ও নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় তার সঙ্গেই সবচেয়ে বেশি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এদিকে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তবে উল্লেখ্য, আইসিসির পরোয়ানার বৈধতা ও এখতিয়ার নিয়ে ইসরায়েল আপত্তি জানিয়েছে এবং অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয় এবং আদালতের পরোয়ানা কার্যকরে বাধ্যবাধকতার আওতায়ও নেই।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন