নিউজ ডেস্ক
অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জনা নায়গন’ মুক্তির পর শুরুতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সপ্তাহান্তে বক্স অফিসে দারুণ ঘুরে দাঁড়িয়েছে। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে ছবিটি বিশ্বব্যাপী ২১৭ কোটি রুপি আয় করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তির দিন তামিলনাড়ুতে সিনেমাটির অধিকাংশ প্রদর্শনী ছিল হাউসফুল। তবে রাজ্যের বাইরে ব্যবসা তুলনামূলক কম হওয়ায় প্রথম দিনে বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৭৮ কোটি রুপি, যা মুক্তির আগে আলোচিত ১০০ কোটি রুপির লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
তবে সপ্তাহান্তে দর্শক উপস্থিতি বাড়তে শুরু করে। শনিবার ভারতে ছবিটির নেট আয় ছিল ২৮ দশমিক ৯০ কোটি রুপি এবং রোববার আয় হয় ৩২ কোটি রুপি।
চার দিনের উদ্বোধনী সপ্তাহান্ত শেষে ভারতে সিনেমাটির মোট নেট আয় ১২৪ কোটি রুপি এবং গ্রস আয় ১৪৬ কোটি রুপিতে পৌঁছেছে।
বিদেশের বাজারেও ভালো সাড়া পেয়েছে ‘জনা নায়গন’। যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার প্রদর্শনী থেকেই ছবিটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করে। অন্যান্য আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম দিনে আয় হয় আরও ১০ লাখ মার্কিন ডলারের বেশি।
রোববার পর্যন্ত বিদেশি বাজার থেকে সিনেমাটির মোট আয় ৭৫ লাখ মার্কিন ডলারের বেশি হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২১৭ কোটি রুপি।
এর মাধ্যমে চলতি বছরে সূরিয়ার ‘করুপ্পু’-এর পর ২০০ কোটি রুপির ক্লাবে জায়গা করে নেওয়া দ্বিতীয় তামিল চলচ্চিত্র হলো ‘জনা নায়গন’।
এইচ. ভিনোথ পরিচালিত সিনেমাটি রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র। প্রথমে জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর ছাড়পত্রে বিলম্ব হওয়ায় মুক্তি পিছিয়ে যায়।
ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ ও নারাইন।

