সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বাড়ছে: জেলেনস্কি

নিউজ ডেস্ক

রাশিয়া ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, উত্তর কোরিয়া শিগগিরই আরও ৩০ হাজার সেনা রাশিয়ায় পাঠাতে পারে এবং ইরান অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে।

সোমবার (২৭ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন।

ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইরান ইতোমধ্যেই রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়েছে।

তার দাবি, “আমরা এসব মানুষকে বিশ্বাস করতে পারি না। কারণ যুদ্ধের শুরুতেই, ইউক্রেনের পক্ষ থেকে কোনো উসকানি ছাড়াই ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছিল।”

জেলেনস্কি আরও বলেন, নতুন কোনো যুদ্ধফ্রন্ট যাতে না খোলে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা প্রয়োজন। তবে তার ভাষায়, বাস্তবতা হলো ইরান ও উত্তর কোরিয়া ইতোমধ্যেই রাশিয়াকে সহায়তার মাধ্যমে এই যুদ্ধে অংশ নিয়েছে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা এবং ইরান আরও ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে।

তবে জেলেনস্কির এসব দাবির বিষয়ে রাশিয়া, ইরান বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া উত্তর কোরিয়ার নতুন করে ৩০ হাজার সেনা পাঠানো বা ইরানের অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন