সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পেছাল বাংলাদেশ

নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর জুলাই সংস্করণে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে, যা বছরের শুরুতে ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২১ জুলাই তাদের সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্যে ভ্রমণ সুবিধার তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে।

কমেছে ভিসামুক্ত গন্তব্য

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬ এবং ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ, গত ছয় মাসে বাংলাদেশ দুটি সহজ ভ্রমণ গন্তব্য হারিয়েছে।

তবে ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় এবার বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হয়েছে। গত বছরের একই সময়ে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে।

কোথায় ভিসামুক্ত সুবিধা

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান। এর মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, ফিজি, ভানুয়াতু, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনসসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল।

এ ছাড়া ১৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। এসব দেশের মধ্যে রয়েছে ভুটান, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া, তিমুর-লেস্তে, মাদাগাস্কার, সামোয়া, টুভ্যালু ও কোমোরোস।

অন্যদিকে শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিসসহ কয়েকটি দেশে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হয়।

দুই দশকে বড় অবনতি

হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এরপর ধীরে ধীরে অবস্থানের অবনতি ঘটে। ২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশ নেমে যায় ১০৮তম স্থানে, যা এ পর্যন্ত সর্বনিম্ন অবস্থান।

পরবর্তী বছরগুলোতে কিছুটা উন্নতি হলেও তা ধারাবাহিক হয়নি। ২০২৪ সালে বাংলাদেশ ৯৭তম, ২০২৫ সালে ১০০তম, ২০২৬ সালের জানুয়ারিতে ৯৫তম এবং সর্বশেষ জুলাই সংস্করণে আবার ৯৭তম স্থানে নেমে এসেছে।

বিশ্বের শীর্ষে কারা

২০২৬ সালের জুলাই সংস্করণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের ভিসামুক্ত গন্তব্য ১৮৮টি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম) এবং শ্রীলঙ্কা (৯৪তম)।

বাংলাদেশের ঠিক পরেই ৯৮তম স্থানে রয়েছে নেপাল। অন্যদিকে পাকিস্তান ১০১তম, ইরাক ১০২তম, সিরিয়া ১০৩তম এবং আফগানিস্তান ১০৪তম অবস্থানে রয়েছে। সূচকে আফগানিস্তানের পাসপোর্টকেই বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন