বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের তরুণরা যত বেশি সাফল্য অর্জন করবে, ততই বিশ্বের কাছে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি নিজেদের দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে বাংলাদেশকেও এগিয়ে নেওয়া সম্ভব হবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তাই কখনো নিজেকে ছোট মনে না করে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা বিজয়ী হলে সেটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জাতির অর্জনে পরিণত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে বসে ফুটবল বালিকা বিভাগের ফাইনাল এবং বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করেন। পরে তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র, থিম সং এবং শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। দেশের সব উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় জাতীয় পর্বের প্রতিযোগিতা।

প্রতিযোগিতার সমাপনী দিনে বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট। অন্যদিকে বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রংপুর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন