রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইলেকট্রিক গাড়িতে নতুন যুগ, ১০ মিনিটেই হবে ৮০% চার্জ

নিউজ ডেস্ক

মাত্র ১০ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়ার সক্ষমতা সম্পন্ন একটি পরীক্ষামূলক বৈদ্যুতিক (ইভি) গাড়ি তৈরি করেছে জ্বালানি প্রতিষ্ঠান শেল, প্রকৌশল প্রতিষ্ঠান আরএমএল গ্রুপ এবং হোরিবা মিরা। নতুন প্রযুক্তির সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই ‘শেল ট্রিপল ১০ চ্যালেঞ্জ কনসেপ্ট কার’ নামে এই মডেল তৈরি করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের নুনিটনে অবস্থিত হোরিবা মিরার পরীক্ষাকেন্দ্রে গাড়িটি প্রদর্শন করা হয়। নির্মাতারা জানিয়েছেন, এটি আপাতত বাণিজ্যিকভাবে বাজারে আসছে না; বরং ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি যাচাইয়ের জন্য তৈরি করা হয়েছে।

গাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর নতুন ধরনের ব্যাটারি প্রযুক্তি। এতে বিশেষ শীতলকারী তরলের মধ্যে ব্যাটারি ও মোটরের কিছু অংশ নিমজ্জিত রাখা হয়েছে। ফলে দ্রুত ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, যা নিরাপত্তা নিশ্চিত রেখেই অত্যন্ত দ্রুত চার্জ গ্রহণে সহায়তা করে।

আরএমএল গ্রুপের ডেনিস গোরম্যান বলেন, নতুন প্রযুক্তিতে ব্যাটারির প্রতিটি সেলে শীতলকারী তরল প্রবাহিত হয়। এতে ব্যাটারির ওপর বেশি চাপ প্রয়োগ করেও দ্রুত চার্জ দেওয়া সম্ভব হয়।

নির্মাতাদের দাবি, গাড়িটির ব্যাটারি প্রচলিত অনেক বৈদ্যুতিক গাড়ির তুলনায় প্রায় অর্ধেক আকারের হলেও একবার পূর্ণ চার্জে প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। পাশাপাশি ওজন কমাতে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করায় উৎপাদন পর্যায়ে কার্বন নিঃসরণও কমেছে।

হোরিবা মিরার প্রকৌশলীরা নতুন প্রযুক্তির কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ে কাজ করেছেন। বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে নতুন শীতলকারী তরলের সামঞ্জস্য ও দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতাও পরীক্ষা করা হয়েছে।

হোরিবা মিরার প্রকৌশলী বেন গেইল বলেন, নতুন প্রযুক্তি বাস্তবায়নের আগে অনেক দিক যাচাই করতে হয়েছে। তবে এর সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক।

শেলের প্রতিনিধি টবি রকস্ট্রো জানান, ইতোমধ্যে বিশ্বের কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে। তাদের আশা, আগামী প্রজন্মের বৈদ্যুতিক গাড়িতে এ ধরনের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে।

পরীক্ষামূলক হলেও গাড়িটির অভ্যন্তরীণ নকশা আধুনিক বাণিজ্যিক গাড়ির মতোই। এতে বড় ডিজিটাল ডিসপ্লে, প্রশস্ত কেবিন এবং আধুনিক বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। তবে কিছু অংশ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। উদাহরণ হিসেবে, ত্রিমাত্রিক (৩ডি) প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি পাশের আয়নাগুলো অতিরিক্ত তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্মাতারা জানিয়েছেন, বাণিজ্যিক সংস্করণে এসব সীমাবদ্ধতা দূর করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন