সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

নিউজ ডেস্ক

ভারতজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সরকার তা মানেনি। মঙ্গলবারের মধ্যে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে পুনরায় কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তারা।

সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিসহ অন্যতম প্রধান দাবি পূরণ হওয়ার পর অভিজিৎ দিপকের নেতৃত্বে সিজেপি দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিল। সংগঠনটির ভাষ্য, সরকারের সঙ্গে হওয়া সমঝোতার প্রতি সম্মান দেখিয়েই তারা কর্মসূচি স্থগিত করেছিল।

তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে।

তিনি দাবি করেন, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লিতে আন্দোলনের লজিস্টিক সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হয়রানির ঘটনাও ঘটছে।

আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন করে কোনো মামলা না করার নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় সংগঠনটি আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

তিনি আরও দাবি করেন, আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহারের লিখিত চুক্তিপত্র মঙ্গলবারের মধ্যেই সিজেপির হাতে তুলে দিতে হবে।

গত শনিবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, নিট পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।

সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে জানিয়েছে, চার সপ্তাহ পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে সিজেপি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন