জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) কুমামোতো প্রিফেকচারে প্রাথমিকভাবে ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় প্রায় এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে— এমন আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা।
এদিকে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে জাপান সরকার।
কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

