দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলে প্রয়োজনীয় সহায়তা কামনা করেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, গ্যাস সংকট নিরসনে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
সরকার আশা করছে, দ্বিপক্ষীয় এ সহযোগিতা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

