বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

এক সিরিঞ্জে মাদক গ্রহণ, নীরবে ছড়াচ্ছে হেপাটাইটিস বি

নিউজ ডেস্ক

একটি সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করায় দেশে, বিশেষ করে মাদকসেবীদের মধ্যে হেপাটাইটিস ‘বি’ সংক্রমণের ঝুঁকি উদ্বেগজনকভাবে বাড়ছে। চিকিৎসকদের মতে, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের সময় অসতর্কতা শুধু হেপাটাইটিস ‘বি’ নয়, হেপাটাইটিস ‘সি’ ও এইচআইভির মতো প্রাণঘাতী রোগও ছড়িয়ে দিতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হেপাটাইটিস ‘বি’ একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত রক্ত ও শরীরের বিভিন্ন তরলের মাধ্যমে ছড়ায়। একই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে অন্যদের শরীরেও সহজেই ভাইরাস সংক্রমিত হতে পারে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের চিকিৎসকদের ভাষ্য, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’-এর সংক্রমণ সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। অধিকাংশ ক্ষেত্রে রোগীরা দীর্ঘদিন বুঝতেই পারেন না যে তারা আক্রান্ত। পরে লিভার সিরোসিস, লিভার বিকল হওয়া কিংবা লিভার ক্যান্সারের মতো জটিলতা দেখা দেয়।

লাকসামের বাসিন্দা মো. আনিস (ছদ্মনাম) জানান, দুর্ঘটনার পর ব্যথানাশক ইনজেকশনের প্রতি আসক্তি তৈরি হয়। পরে অন্য এক মাদকসেবীর সঙ্গে একই সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করতেন। দীর্ঘদিন পর পেটব্যথা শুরু হলে পরীক্ষায় তার শরীরে হেপাটাইটিস ‘বি’ ধরা পড়ে। বর্তমানে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, একই সিরিঞ্জ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে শুধু হেপাটাইটিস ‘বি’ নয়, হেপাটাইটিস ‘সি’ এবং এইচআইভিও ছড়াতে পারে। তিনি জানান, হেপাটাইটিস ‘বি’-তে আক্রান্ত মায়ের কাছ থেকে নবজাতকের সংক্রমণের ঝুঁকি প্রায় ৯০ শতাংশ। আক্রান্ত রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ২৪ কোটি মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস ‘বি’ সংক্রমণে আক্রান্ত। প্রতি বছর প্রায় ১১ লাখ মানুষ এ রোগজনিত লিভারের জটিলতায় মারা যান। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীরা এ সংক্রমণের অন্যতম উচ্চঝুঁকির জনগোষ্ঠী।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. শহীদুল্লাহ বলেন, কোনো অবস্থাতেই একই সিরিঞ্জ ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি হেপাটাইটিস ‘বি’-এর টিকা গ্রহণ, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনা জরুরি।

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, শুধু সিরিঞ্জ নয়, একই ব্লেড ব্যবহারেও হেপাটাইটিস ‘বি’ ছড়াতে পারে। তাই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক মো. বজলুর রশিদ জানান, সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারীর সংখ্যা তুলনামূলক কম হলেও তারা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার বড় ঝুঁকি তৈরি করেন। এ কারণে মাদকসেবন ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, মাদকাসক্তদের নিয়ে কাজ করা পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেইনিং সেন্টার (পিএসটিসি) জানিয়েছে, তারা পরিচয় গোপন রেখে মাদকসেবীদের চিকিৎসা, পরামর্শ ও পুনর্বাসনসেবা দিয়ে থাকে। চিকিৎসকদের মতে, জনসচেতনতা, টিকাদান, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং সহজলভ্য চিকিৎসাসেবার সমন্বিত উদ্যোগ ছাড়া হেপাটাইটিস ‘বি’ সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন