জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশ ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ বলে জানালেও, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬ দশমিক ৮ উল্লেখ করেছে।
ভূমিকম্পের পর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে আগুন লাগার খবর নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। তিনি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও পাওয়া যায়নি। তবে বিভিন্ন এলাকায় আহতের ঘটনা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, অগ্নিকাণ্ড এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কিউশু দ্বীপের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা, ক্ষতিগ্রস্ত সেতু, লাইনচ্যুত একটি মালবাহী ট্রেন এবং ফেটে যাওয়া সড়ক। এছাড়া অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার খবরও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সবচেয়ে গুরুতর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কাশিমা শহরে। সেখানে একটি বহুতল শপিং মলের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ায় অনেক মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তাকাচি বলেন, সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

