বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিউজ ডেস্ক

পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ভুয়া পরিচয়ের মাধ্যমে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির এবং ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেও সেটি প্রকৃত ওই কর্মকর্তার আইডি বা যোগাযোগের মাধ্যম—এমনটি ধরে নেওয়া যাবে না। তাই পরিচয় নিশ্চিত না হয়ে কোনো বার্তা, অনুরোধ বা আর্থিক লেনদেনে সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক বার্তা বা যোগাযোগের শিকার হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) দ্রুত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন