সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

নিউজ ডেস্ক

কাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে হামলার ঘটনাকে ঘিরে ইরান ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এ ঘটনাকে দুই দেশের দীর্ঘদিনের পরোক্ষ বিরোধের আরও প্রকাশ্য রূপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও হামলার বিষয়ে উভয় পক্ষের দাবি-পাল্টা দাবি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণে দ্য নিউইয়র্ক টাইমস বলেছে, ইউক্রেনের অভিযোগ অনুযায়ী জাহাজটি রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। অন্যদিকে ইরানের দাবি, এটি ছিল একটি বাণিজ্যিক জাহাজ এবং হামলায় একজন নাবিক নিহত হয়েছেন।

ঘটনার পর ইরানি কর্মকর্তারা এর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা দিয়ে ইরান নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে পারে না।

বিশ্লেষণে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই ইরানের সঙ্গে মস্কোর প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানি ড্রোন ও অন্যান্য সামরিক প্রযুক্তি পেয়েছে। যদিও তেহরান এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

ইউক্রেনের দাবি, ইরানি ড্রোন মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা তারা এখন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করছে। এ লক্ষ্যে উপসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও জোরদার করেছে কিয়েভ।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক তৎপরতায় গোয়েন্দা সহায়তা দিচ্ছে। তিনি জানিয়েছেন, এ সংক্রান্ত তথ্য পশ্চিমা মিত্রদের কাছেও তুলে ধরা হবে।

এদিকে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, এতদিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত পৃথক ইস্যু হিসেবে দেখা হলেও এখন দুটি সংকট ক্রমেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হামলার নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, এ ঘটনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং হামলার জবাব দেওয়া হবে।

তবে হামলার প্রকৃত উদ্দেশ্য, জাহাজটির বহন করা মালামাল কিংবা ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন