নিউজ ডেস্ক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলের শীর্ষ নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। একই সঙ্গে সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করেন, পদযাত্রার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এতে দলের নেতাকর্মীদের পাশাপাশি দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিকও আহত হন।
তিনি বলেন, হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। এছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
সালেহ উদ্দিন সিফাতের দাবি, হামলাকারীরা শুধু গাড়ি ভাঙচুরই করেনি, বরং মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে। এ ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে রয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

