ইরাকের অন্তত সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালার বিভিন্ন সামরিক স্থাপনা ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।
রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট আধাসামরিক বাহিনী পিএমএফ জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা প্রাথমিক। বিভিন্ন হামলাস্থলে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭২ ঘণ্টায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও সৌদি বিমান বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
হামলায় পিএমএফের কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন, সামরিক যান এবং অস্ত্র ও সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন ও আইনবহির্ভূত সামরিক অভিযানের অভিযোগে পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে ইরাক সরকার। হামলার পর দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

