মেটার মালিকানাধীন জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা উন্মুক্ত করা হচ্ছে।
নতুন আপডেটের অন্যতম আকর্ষণ ওয়েবভিত্তিক কলিং সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ডেস্কটপ অ্যাপ ডাউনলোড বা ইনস্টল না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করতে এবং কল গ্রহণ করতে পারবেন।
নতুন এই সুবিধায় ব্যক্তিগত বা ওয়ান-টু-ওয়ান কলের পাশাপাশি গ্রুপ কলও করা যাবে। ওয়েব কলিংয়ে স্ক্রিন শেয়ার, রিঅ্যাকশন এবং কলের ইতিহাস দেখার সুবিধা থাকবে। পাশাপাশি পছন্দের বা গুরুত্বপূর্ণ নম্বর সংরক্ষণের জন্য যুক্ত করা হয়েছে আলাদা ‘কলস’ ট্যাব।
চলমান কল সহজে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নেওয়ার জন্য যুক্ত হয়েছে ‘কল ট্রান্সফার’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো গ্রুপ কল মোবাইল ফোন থেকে ডেস্কটপ বা অন্য ডিভাইসে স্থানান্তর করতে পারবেন। এতে কল কেটে পুনরায় যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।
গ্রুপ কলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বাড়াতে চালু করা হয়েছে ‘ওয়েটিং রুম’ সুবিধা। নতুন কোনো অংশগ্রহণকারী সরাসরি মূল কলে যুক্ত হতে পারবেন না। প্রথমে তাকে ভার্চুয়াল অপেক্ষমাণ কক্ষে থাকতে হবে। এরপর কলের হোস্ট অনুমতি দিলে তিনি মূল কলে প্রবেশ করতে পারবেন।
কলের ভিডিও ও অডিও মান উন্নত করতেও যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। ‘কুইকএইচডি’ প্রযুক্তির মাধ্যমে কল শুরু হওয়ার সময় থেকেই উচ্চমানের ভিডিও পাওয়া যাবে। অন্যদিকে, ‘নয়েজ সাপ্রেশন’ ফিচার আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বর আরও পরিষ্কার করতে সহায়তা করবে।
ফলে কোলাহলপূর্ণ বা ব্যস্ত পরিবেশ থেকেও ব্যবহারকারীরা তুলনামূলকভাবে স্পষ্ট অডিও ও উন্নত ভিডিও মানে যোগাযোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারগুলো ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

