তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। নতুন সরকারের কূটনৈতিক অগ্রাধিকার ও পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা নিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে তিনি ঢাকায় পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা সফরে বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক এবং এর কৌশলগত গভীরতা নিয়ে আলোচনা করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতিনির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান ও আগ্রহও খতিয়ে দেখার কথা রয়েছে তার।
সফরের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। পরে সন্ধ্যায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। ওই সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করাও এ সফরের অন্যতম উদ্দেশ্য।
শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সার্জিও গোরের। সেখানে তিনি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং চলমান সংকটের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নিতে পারেন।
তিন দিনের সফর শেষে শনিবার ঢাকা ত্যাগ করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফিরবেন মার্কিন রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর।

