বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিউজ ডেস্ক

সরকার ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

পরে বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশ, ১৯৭২-এর (রাষ্ট্রপতির আদেশ নং-৬, ১৯৭২) ৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগ পাওয়া সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগও বাতিল করা হয়েছে।

একই আইনের ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৭৯ জন আইনজীবীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা ও আইনি কার্যক্রমে আইন কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন