ইউটিউব শর্টসের ভিডিওকে আরও আকর্ষণীয় করতে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল চালু করেছে ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে শর্টস ভিডিও বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একাধিক থাম্বনেইল তৈরি করা যাবে।
ফলে ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাম্বনেইল সহজে বেছে নেওয়ার সুযোগ পাবেন নির্মাতারা। এতে দর্শকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ভিডিওর ক্লিক-থ্রু রেট বাড়তেও সহায়তা করতে পারে নতুন এআই সুবিধাটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবের ‘আস্ক স্টুডিও’ প্ল্যাটফর্মে নতুন এআই টুলটি যুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে এটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) আওতাভুক্ত কনটেন্ট নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ইউটিউব জানিয়েছে, এআই টুলটি ভিডিওর বিষয়বস্তু এবং নির্মাতার উপস্থাপনার ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একাধিক থাম্বনেইল তৈরি করবে। নির্মাতারা চাইলে তৈরি করা থাম্বনেইলের রং, নকশা ও ডিজাইন নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।
কম্পিউটার থেকে মিলবে নতুন সুবিধা
শর্টস ভিডিও কম্পিউটার থেকে আপলোড করার সময় ভিডিওর বিভিন্ন অংশ থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত তিনটি ফ্রেমের মধ্যে যেকোনো একটি থাম্বনেইল হিসেবে বেছে নেওয়ার সুবিধাও যুক্ত করেছে ইউটিউব।
এর আগে এ সুবিধা মূলত দীর্ঘ ভিডিওর জন্য ব্যবহার করা যেত। নতুন আপডেটের ফলে এখন শর্টস ভিডিওতেও এটি ব্যবহার করা যাবে।
তবে মোবাইল অ্যাপে আপাতত থাম্বনেইল নির্বাচনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ মোবাইল ব্যবহারকারীদের নতুন এআই সুবিধাটি পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
পুরোনো শর্টসেও ব্যবহার করা যাবে
নতুন এআই টুলটি শুধু নতুন ভিডিওর জন্য নয়, আগে প্রকাশিত শর্টস ভিডিওর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
ইউটিউব জানিয়েছে, ভিডিও প্রকাশের পরও এআই দিয়ে তৈরি থাম্বনেইল পরিবর্তন করা বা নতুন থাম্বনেইল যুক্ত করা সম্ভব হবে।
এ জন্য কম্পিউটার থেকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে ‘কনটেন্ট’ বিভাগে যেতে হবে। এরপর নির্দিষ্ট শর্টস ভিডিও নির্বাচন করে পছন্দের থাম্বনেইল যুক্ত বা পরিবর্তন করা যাবে।
প্রাথমিকভাবে সীমিতসংখ্যক যোগ্য কনটেন্ট নির্মাতার জন্য চালু করা হলেও পর্যায়ক্রমে বিশ্বের সব যোগ্য ব্যবহারকারীর জন্য এআই থাম্বনেইল তৈরির সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউটিউব।

