রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আপিল বিভাগে সাংবাদিক নিষিদ্ধ!

নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে সাম্প্রতিক প্রতিবন্ধকতা দূর এবং জনগণের তথ্য পাওয়ার অধিকারের ওপর আরোপিত ‘অলিখিত নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে আগামী ১২ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এলআরএফের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ ও আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের একটি প্রতিষ্ঠিত রীতি রয়েছে। গত পাঁচ দশকের বেশি সময়ে দায়িত্ব পালন করা ২৫ জন প্রধান বিচারপতির আমলে সাংবাদিকরা আদালতে প্রবেশ করে শুনানি পর্যবেক্ষণ, নোট গ্রহণ এবং সংবাদ প্রকাশের সুযোগ পেয়েছেন।

তবে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ কয়েকটি আদালতে সাংবাদিকদের প্রবেশে বাধা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তাদের মতে, এ ধরনের প্রতিবন্ধকতা শুধু সংবাদ সংগ্রহের কাজকে ব্যাহত করছে না, বরং বিচারিক কার্যক্রম সম্পর্কে জনগণের তথ্য জানার অধিকারও ক্ষুণ্ন করছে।

আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত হলে বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে জনসাধারণের কাছে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সহজ হবে।

সাংবাদিকরা যেন নির্বিঘ্নে আদালতের খবর সংগ্রহ ও শুনানি পর্যবেক্ষণ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান বক্তারা।

সভায় আগামী ১২ আগস্টের অবস্থান কর্মসূচি সফল করতে সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে বিদ্যমান প্রতিবন্ধকতা ও কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে অবহিত করা হবে।

সভায় এলআরএফের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, শামীমা আক্তার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, আব্দুর রহমান ও হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন