প্রায় ১৩৯ বছরের নেত্রকোণা পৌরসভায় এই প্রথম শীর্ষ পর্যায়ে নারী কর্মকর্তা পেয়েছে। ভারপ্রাপ্ত পৌর প্রশাসক পদে বৃহস্পতিবার (৩০জুলাই) বিকালে দায়িত্ব গ্রহণ করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।
১৮৮৭খ্রিষ্টাব্দে স্থাপিত হয় নেত্রকোণা পৌরসভা। ধীরে ধীরে এর ক্রমবিকাশ ঘটে। ২১দশমিক শূন্য দুই আয়তনের পৌরসভাটি ১৯৯৬খ্রিষ্টাব্দের ১০অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ‘ক’ (প্রথম) শ্রেণির হয়।তবে এটিতে পৌর চেয়ারম্যান, মেয়র ও প্রশাসক পদে পুরুষরাই দায়িত্ব পালন করে গেছেন। ২০২৪ সালের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর শূন্য পদে দায়িত্ব পালন করছেন নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার। সম্প্রতি মোঃ আরিফুল ইসলাম সরদার বদলী হওয়ায় পৌরসভার প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেছেন মুনমুন জাহান লিজা।
শতবর্ষী এই পৌরসভায় কখনো কোনো নারী চেয়ারম্যান বা মেয়র হননি। পৌরসভার নাগরিকেরা মনে করেন, প্রশাসক পদে নারী কর্মকর্তার মাধ্যমে নেত্রকোণা পৌরসভার নানান অনিয়ম দূর হবে এবং ভবিষ্যতেও নারীরা জনপ্রতিনিধি হিসেবে প্রধান নেতৃত্ব দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় – পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা প্রথম দিনে দায়িত্ব নিয়েই পৌরসভার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার তাগিদ দেন। একই সঙ্গে পৌরসভার অফিস কক্ষগুলো ঘুরে দেখেন।ক্রমান্বয়ে শহরের প্রতিটি পাড়া-মহল্লায় পরিচ্ছন্ন কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে বলেও জানান।
নবাগত পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা জানান, নিজ আঙিনা থেকেই পরিচ্ছন্ন কার্যক্রম করতে হবে। পাশাপাশি সকল স্থান যেখানে মানুষ ময়লা-আবর্জনা ফেলে, সেগুলোকে সিসিটিভি ক্যামেরায় আনা হবে বলে। নাগরিকদের সুযোগ সুবিধা সহ পৌরসভার উন্নয়ন কাজ সঠিকভাবে করা হবে।

