ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রেতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চালু করেছে মেটা। ‘সেলার’ নামের এই অ্যাপের মাধ্যমে বিক্রেতারা একই জায়গা থেকে পণ্যের তালিকা তৈরি, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, মজুত নিয়ন্ত্রণ এবং বিক্রির তথ্য বিশ্লেষণ করতে পারবেন।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যাপটি অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে। মেটা জানিয়েছে, যারা নিয়মিত ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করেন, তাদের প্রয়োজন বিবেচনায় রেখেই অ্যাপটি তৈরি করা হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, চলতি বছর ফেসবুক মার্কেটপ্লেসের যাত্রার ১০ বছর পূর্ণ হয়েছে। ফেসবুক গ্রুপভিত্তিক কেনাবেচার মাধ্যম হিসেবে শুরু হলেও বর্তমানে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন বেচাকেনার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রতি মাসে মার্কেটপ্লেসে প্রায় ৪৩ কোটি নতুন পণ্যের তালিকা যুক্ত হয়। অনেক ব্যবহারকারী এটিকে অতিরিক্ত আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, আবার কেউ কেউ গড়ে তুলেছেন ছোট ব্যবসা।
নতুন ‘সেলার’ অ্যাপটি সরাসরি ফেসবুক মার্কেটপ্লেসের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীদের আগের পণ্যের তালিকা, ক্রেতাদের বার্তা এবং বিক্রির তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে দেখা যাবে। অ্যাপ থেকে নতুন কোনো পণ্যের তালিকা তৈরি করলে সেটি সরাসরি ফেসবুক মার্কেটপ্লেসেও প্রকাশ হবে। তবে আগের মতো ফেসবুক অ্যাপ ব্যবহার করেও মার্কেটপ্লেসে কেনাবেচা করা যাবে।
অ্যাপটির অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য তালিকা তৈরির সুবিধা। বিক্রেতা কোনো পণ্যের ছবি আপলোড করলে মেটার এআই স্বয়ংক্রিয়ভাবে পণ্যের শিরোনাম, বিবরণ, সম্ভাব্য দাম এবং উপযুক্ত বিভাগ নির্ধারণে সহায়তা করবে। পাশাপাশি একসঙ্গে একাধিক পণ্যের তালিকা তৈরির সুবিধাও রাখা হয়েছে।
এ ছাড়া অ্যাপটিতে সমন্বিত বার্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ফলে নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে ক্রেতাদের পাঠানো সব বার্তা একই জায়গায় দেখা যাবে। বিক্রেতারা অ্যাপ থেকেই পণ্যের তথ্য সম্পাদনা, তালিকা পুনরায় প্রকাশ এবং মজুত ব্যবস্থাপনার কাজ করতে পারবেন।
বিক্রির কার্যকারিতা মূল্যায়নের জন্য পণ্য কতবার দেখা হয়েছে, কতবার ক্লিক করা হয়েছে, কতটি বার্তা এসেছে এবং কতটি পণ্য বিক্রি হয়েছে—এসব তথ্য বিশ্লেষণের সুবিধাও থাকবে। মেটার মতে, এসব তথ্য ব্যবহার করে বিক্রেতারা পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ এবং মজুত ব্যবস্থাপনায় আরও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন।
বর্তমানে ‘সেলার’ অ্যাপটি অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে অ্যান্ড্রয়েড সংস্করণের পরীক্ষামূলক কার্যক্রম এবং ওয়েব সংস্করণ চালুর কাজও চলছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।

