সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের, দ্রুত চুক্তির আহ্বান

নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটির ওপর সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা হওয়ায় হামলার পরিকল্পনা থেকে সরে আসতে সম্মত হয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য একটি চুক্তির রূপরেখা নিয়ে অগ্রগতি হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ওয়াশিংটনকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।

তিনি বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে এর শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন করতে হবে।”

ট্রাম্প আরও দাবি করেন, হামলা বাতিলের সিদ্ধান্তে ইসরায়েলও তার সঙ্গে একমত হয়েছে। পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্টদের দ্রুত আলোচনায় অগ্রসর হয়ে চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।

তবে ট্রাম্পের দাবি নিয়ে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছিলেন ট্রাম্প। গত শুক্রবার মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকিও দেন।

সেসময় ট্রাম্প বলেছিলেন, ইরানের ওপর এমন ব্যাপক হামলা চালানো হবে যে একপর্যায়ে দেশটি যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম হওয়ার কথা জানাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন