সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের পর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে। পরবর্তী সময়ে পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এর আগে শনিবার (১ আগস্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রার্থীদের আগামী ২৯ অক্টোবর যোগদানের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়েছিল। তবে পরদিন নতুন সিদ্ধান্ত অনুযায়ী যোগদানের তারিখ এগিয়ে এনে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত দিনে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের পর নির্বাচিত শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাদের পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।
পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

