ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর। ওই দিন দুপুর ১২টা থেকে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। আর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮ মার্চ।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
- বিজ্ঞান ইউনিট
- ব্যবসায় শিক্ষা ইউনিট
- চারুকলা ইউনিট
- আইবিএ ইউনিট
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হবে।
ঢাকাসহ আট বিভাগীয় শহরে পরীক্ষা
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় পরীক্ষাকেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
যেভাবে হবে নম্বর বণ্টন
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।
চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৯০ মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় থাকবে।
অন্য তিনটি ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ভর্তিচ্ছুদের মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় থাকবে ১০০ নম্বর এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে থাকবে ২০ নম্বর।
আবেদনের ন্যূনতম যোগ্যতা
ভর্তিচ্ছুদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।
তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের জন্য ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ থাকতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ থাকতে হবে।
চারুকলা ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
এ ছাড়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

