রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সমালোচকদের বাঁধনের বার্তা: ‘আমার সংসারের খরচ তো কেউ দেয় না’

নিউজ ডেস্ক

নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সিনেমাটির মহরতেও অংশ নেন তিনি। তবে সিনেমাটিতে তার অভিনয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমায় অভিনয়ের পর তুলনামূলক বাণিজ্যিক ধারার ‘গুলশানের চামেলী’তে বাঁধনের যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

বুধবার দুপুরে ‘গুলশানের চামেলী’র মহরতে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন বাঁধন। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ পোস্টে সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত এবং সমালোচকদের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

বাঁধন লিখেছেন, সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করা তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। তবে গল্পটি তার ভালো লেগেছে। পাশাপাশি শুরু থেকেই সিনেমার পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতাও তাকে মুগ্ধ করেছে।

সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না।’

তিনি আরও জানান, তার জীবনে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের পরামর্শ তিনি বিশ্বাস ও সম্মান করেন। তাই অন্যদের অযাচিত পরামর্শ গ্রহণ করার প্রয়োজন অনুভব করেন না।

অভিনয়জীবনের দীর্ঘ পথচলা প্রসঙ্গে বাঁধন বলেন, ক্যারিয়ারে তিনি অনেক নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি কাজ থেকে নতুন অভিজ্ঞতা পেয়েছেন। কিছু কাজ আনন্দের ছিল, কিছু কাজ ছিল কঠিন; তবে সব অভিজ্ঞতাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।

পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, নিজের জীবন নিয়ে তিনি সুখী এবং সময়ের সঙ্গে আরও এগিয়ে গিয়ে আরও সুখী হওয়ার আশা রাখেন।

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সিনেমাটিতে আরও রয়েছেন আমিন খান, ওমর সানী, রোজিনাসহ বেশ কয়েকজন শিল্পী। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন