সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইন্দোনেশিয়ায় সমুদ্রে যাত্রীবাহী ফেরির আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১

নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৭১ জন আরোহী নিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪১ জন যাত্রী ও ক্রুর সন্ধান পাওয়া যায়নি। তবে জীবিত উদ্ধার করা হয়েছে ২২৫ জনকে।

রোববার (২ আগস্ট) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২’ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে মাদুরা দ্বীপের কাছে জাভা সাগরে পৌঁছালে হঠাৎ ফেরিটিতে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর ফেরির ক্যাপ্টেন দ্রুত উদ্ধারকারী সংস্থার কাছে বিপদসংকেত পাঠান। তবে কিছু সময় পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজে প্রচারিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফেরিটির ওপরের অংশ ঘন ধোঁয়া ও আগুনে ঢেকে যেতে দেখা যায়। প্রাণ বাঁচাতে বহু যাত্রী লাইফ জ্যাকেট পরে ফেরির ডেকে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনেকে সমুদ্রে ঝাঁপ দেন।

খবর পেয়ে আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। লাইফবোট ও সমুদ্রে ভাসমান অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন