সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

গাজাবাসীর পাশে দাঁড়াতে তুরস্কে বাংলাদেশি আলেমদের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক

ফিলিস্তিন উলামা পরিষদের (Palestinian Scholars Association) আনুষ্ঠানিক আমন্ত্রণে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তুরস্ক সফরে যাচ্ছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- আল্লামা মাহফুজুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, অধ্যাপক আমিরুল ইসলাম এবং মুফতি রেজাউল করিম আবরার। সফরের সম্পূর্ণ ব্যয় প্রতিনিধিদলের সদস্যরা ব্যক্তিগতভাবে বহন করবেন। এ জন্য সংস্থার মানবিক সহায়তা তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না।

সফরের প্রথম দিন, ৩ আগস্ট, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বাংলাদেশ থেকে সংগৃহীত ১০ হাজার মার্কিন ডলার ফিলিস্তিন উলামা পরিষদের দায়িত্বশীলদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

তুরস্ক সফরকালে প্রতিনিধিদল ফিলিস্তিন উলামা পরিষদের সভাপতি ড. নাওয়াফ হাইল তকরুরী এবং তুরস্কের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইলমি ও ফিকরি গবেষণা কেন্দ্র (İFAM)-এর প্রতিষ্ঠাতা ড. শাইখ ইহসান শেনোজাক আফান্দির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি ফিলিস্তিন উলামা পরিষদের অন্যান্য দায়িত্বশীল, তুরস্কের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, মানবিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সরকারি পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের মানবিক কার্যক্রমের জন্য আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ। এ লক্ষ্যে প্রতিনিধিদল তুরস্কের সরকারি ও বেসরকারি বিভিন্ন মানবিক ও উন্নয়ন সংস্থার কাছে বাংলাদেশের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ প্রকল্প এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরবেন। শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

বর্তমানে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দেশে প্রায় ১৬টি মানবিক ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, দুর্যোগকালীন ত্রাণ, নিরাপদ পানি, খাদ্য সহায়তা, জীবিকায়ন এবং এতিম-অসহায় পরিবারের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি। তুরস্ক সফরের মাধ্যমে এসব প্রকল্পের জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

সংস্থার তথ্য অনুযায়ী, গাজা ও সুদানে পরিচালিত তাদের মানবিক কার্যক্রম আলজাজিরা, Palestine TV, Sudan TV, Al Zarga, Al Tayba এবং Misr Times-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া সংস্থাটি মিশরের জাতীয় মানবাধিকার কমিশনের সম্মাননা অর্জন করেছে। একই সঙ্গে গাজার ছয়টি হাসপাতাল থেকে আনুষ্ঠানিক লিখিত স্বীকৃতি এবং সেখানে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনার অনুমতিও পেয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক ও ইসলামী ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি ১০ আগস্ট অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দস্তারবন্দী সম্মেলনে আল্লামা মাহফুজুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ইসলামী গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা রয়েছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি জানিয়েছে, তুরস্ক সফরের পর আগস্টের শেষ দিকে আরও একটি আন্তর্জাতিক সফরের পরিকল্পনা রয়েছে। সংস্থাটির প্রত্যাশা, এই সফরের মাধ্যমে একদিকে যেমন ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তা জোরদার হবে, অন্যদিকে বাংলাদেশের চলমান মানবিক প্রকল্পগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা, অংশীদারত্ব ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন