গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নিজেই কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান।
অভিযানকালে ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তারা অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে ভূমি অফিসের কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, ভূমিসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কাশিমপুর ভূমি অফিসে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা।

